প্রধান খবর

ইহুদি ধর্মীয় উৎসবের সময় হামলা জোরদার করবে ইরান

ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের সময়কে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের আশঙ্কা, এই সময়টিকে লক্ষ্য করে ইরান ও তাদের মিত্ররা হামলা আরও জোরদার করতে পারে। কয়েক ঘণ্টার বিরতির পর হঠাৎ করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। এমন অবস্থায় সামনে আরও বড় ধরনের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বুধবার সকালে আবারও সাইরেন বেজে উঠেছে। অল্প সময়ের ব্যবধানে এটি ছিল সকালে তৃতীয় দফায় সাইরেন সতর্কতা।

হামলার এই সতর্কতার মধ্যেই তেল আবিবের পূর্বদিকে অবস্থিত বনেই ব্রাক এলাকায় ১১টি ভিন্ন স্থানে শেল বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির অ্যাম্বুলেন্স সেবা।

এ ঘটনায় এক কিশোরী মাঝারি থেকে গুরুতর আহত হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের প্রায় সর্বত্র সাইরেন বাজতে শোনা যায়। এতে সতর্ক করা হয় যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং উত্তরাঞ্চলের দিকে হিজবুল্লাহর রকেট হামলা চলছে।

এই সমন্বিত হামলাগুলো অনেক সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলছে।

এদিকে ইসরায়েলে হামলার সময় ক্লাস্টার মিউনিশন বা খণ্ডিত বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। এসব অস্ত্রের ওয়ারহেড মাঝপথে ভেঙে গিয়ে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে। এমনকি ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও তা বিস্ফোরণ ঘটাতে পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, সামনে দিন ও রাত আরও কঠিন হতে পারে। কারণ এটি ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পাসওভারের ঠিক আগের সময়। প্রায় ১৯ ঘণ্টা তুলনামূলক শান্ত থাকার পর হঠাৎ করেই আবার রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় এই শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *