টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (৪৩) আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলা। রোববার (২৯ মার্চ) বিকেলে দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। সন্ধ্যা ৬টা নাগাদ তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণ দিয়ে সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ধারাবাহিকের পুরো ইউনিট শুটিংয়ের জন্য তালসারিতে অবস্থান করছিল। বিকেলের দিকে কাজ ‘প্যাক-আপ’ হওয়ার পর রাহুল আরও কয়েকটি শট দেবেন বলে জানিয়েছিলেন। এরপর তিনি সমুদ্রে নামেন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি পানি থেকে ফিরে না আসায় ইউনিটের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে টেকনিশিয়ানরা পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানান, উদ্ধারের সময় রাহুলের শরীরে প্রাণস্পন্দন থাকলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তিনি সম্ভবত সাঁতার জানতেন না অথবা সমুদ্রের তলদেশে কোনোভাবে আটকে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য দিঘা হাসপাতালে রাখা হয়েছে।
১৯৮৩ সালে জন্ম নেওয়া রাহুল বন্দ্যোপাধ্যায় মঞ্চ নাটক থেকে উঠে আসা একজন শক্তিমান অভিনেতা ছিলেন। ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই অভূতপূর্ব সাফল্য পান তিনি। পরবর্তীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার রসায়ন এবং বাস্তব জীবনে তাদের বিয়ে ও এক পুত্রসন্তান নিয়ে রাহুলের ব্যক্তিগত জীবনও ছিল নিয়মিত চর্চার কেন্দ্রে।
রাহুলের এই অকাল প্রয়াণে টলিউডের অভিনয়শিল্পী, পরিচালক এবং কলাকুশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অগণিত ভক্ত ও সহকর্মীরা এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছেন।

