প্রধান খবর

কিবরিয়া হত্যা: দুই শুটার অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুইজন শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব । তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাবের পাঠানো এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এবং তারা শুটার হিসেবে দায়িত্ব পালন করে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব-৪।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার একটি হার্ডওয়্যার দোকানে হেলমেট ও মুখোশ পরিহিত সশস্ত্র দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার পর পালানোর সময় দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। দ্রুত না চালানোর অভিযোগে চালক আরিফ হোসেনকেও গুলি করা হয়। এ সময় স্থানীয়রা জনি ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *