প্রধান খবর

‘নবীন ফ্যাশন’ খুলতে আদালতের ২৪ ঘণ্টার নির্দেশ

রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’-এর একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একইসঙ্গে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার আওতায় জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতের নাজির সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি আমলে নেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, মগবাজারের একটি মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে বন্ধ করে দেয়। এ সময় কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ দেখা গেলেও পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা প্রশ্নের জন্ম দিয়েছে। আদালত মন্তব্য করেন, এ ধরনের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং তা পেশাদারিত্ববিরোধী।

এ ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দোকানটি ঘটনাস্থলে উপস্থিত থেকে দ্রুত পুনরায় চালু করার নির্দেশ এবং জড়িত ব্যক্তিদের বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির অভিযোগে আশপাশের ব্যবসায়ীরা ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও ছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *