প্রধান খবর

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সরকারি ও বেসরকারি পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়।

আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে। এর আওতায় আগামী গ্রীষ্মের আগে তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সরকারি কোম্পানিগুলোর স্থাপনার ছাদে বিনিয়োগকারীর অর্থায়নে ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব আয় রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যৎ আয়ের ভিত্তিতে ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বিদ্যমান আইনে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি, মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সুনির্দিষ্ট বিধানের ঘাটতি রয়েছে। এসব জটিলতা দূর করে বিনিয়োগ ও সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের জন্য কার্যকর আইনি কাঠামো তৈরির উদ্দেশ্যেই বিশেষ অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *