সংযুক্ত আরব আমিরাতে রাইডের অপেক্ষায় মোটরসাইকেলের পাশে বসে এক উগান্ডান যুবকের বিনম্র কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কঠোর পরিশ্রম ও প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও মনসুর কাতাবালওয়া নামের ওই তরুণের পরম নিষ্ঠায় ধর্মচর্চার দৃশ্য লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
গত পাঁচ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে অনলাইন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘তালাবাত’-এ ডেলিভারির কাজ করছেন মনসুর। কাজের ফাঁকে সামান্য বিরতি মিললেই সঙ্গে রাখা পবিত্র কুরআন শরিফটি বের করে আয়্যাতগুলো মুখস্থ চর্চা করেন তিনি। মূলত তিনি একজন হাফেজে কুরআন। জানা গেছে, প্রায় তিন বছর আগে তার বাবা, মা ও ভাই না-ফেরার দেশে চলে যান। স্বজনদের হারানোর গভীর শোক সামলাতে এবং মানসিক শান্তির খোঁজে তিনি নিজেকে কুরআনের শিক্ষার মাঝে সঁপে দেন এবং সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মনসুর জানান, প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমের নজর কাড়তে নয়, বরং নিজের প্রতিদিনের নিয়মিত অভ্যাসের অংশ হিসেবেই তিনি তিলাওয়াত করছিলেন। সেই মুহূর্তটিই পথচারীর ক্যামেরায় বন্দি হয়ে অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে। কঠোর প্রবাস জীবন ও জীবিকার কঠিন সংগ্রামের মাঝেও স্রষ্টার প্রতি তার এমন অচলা আস্থা, খোদাভীতি ও নিবেদন বিশ্বজুড়ে নেটিজেনদের কাছে এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ তার নিষ্ঠা ও সুরেল কণ্ঠে তিলাওয়াতের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, জীবনের যেকোনো প্রতিকূলতা ও ব্যস্ততার মধ্যেও যে স্রষ্টার স্মরণে মগ্ন থাকা যায়, তা মনসুর প্রমাণ করে দিয়েছেন।

