প্রধান খবর

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সিট না পেয়ে ছাদে-গেটে ঝুলে ঢাকা ছাড়ছেন অনেকে

শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের চিরচেনা সেই জনসমুদ্র। প্রিয়জনের টানে নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে বেশ। ঢল নেমেছে রেলস্টেশনগুলোতে।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। ঈদ উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় ভোরের আলো ফোটার আগেই পরিবার-পরিজন নিয়ে স্টেশনে হাজির হয়েছে হাজারো মানুষ।

ঝুঁকি আছে জেনেও থামছেন না ঘরমুখো যাত্রীরা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই চড়ে বসেছেন ছাদে, কেউবা গেটে ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। অথচ স্টেশন কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে ক্ষোভ সাধারণ যাত্রীদের। টিকিট কেটেও ভিড়ের কারণে নিজের সিটে যেতে পারছেন না বলে অভিযোগ অনেকের।

এবারের ঈদে ঢাকা থেকে প্রতিদিন প্রায় ৩১ হাজারের বেশি আসন বরাদ্দ রাখা হয়েছে। বরাবরের মতো এবারও উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। অতিরিক্ত বগি জোড়া দিয়েও হিমশিম খাচ্ছে রেলওয়ে।

ট্রেনের পাশাপাশি সড়কপথেও শঙ্কা কম নয়। বিশেষ করে যশোরের দুই মহাসড়ক যেন ঈদযাত্রার বিষফোড়া। চরম ভোগান্তির আশঙ্কায় দিন কাটছে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের।

সামনে ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে কর্তৃপক্ষ। কষ্ট আর ঝুঁকি থাকলেও শেষ হাসি যেন প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *