প্রধান খবর

গোপালগঞ্জে ট্রমা সেন্টারের নামে কেবল অট্টালিকা বানানো হয়েছে: অর্থ উপদেষ্টা

শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জে ট্রমা সেন্টারের নামে কেবল সুবিশাল অট্টালিকা নির্মাণ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেখানে ডাক্তার, প্রয়োজনীয় জনবল কিংবা রোগীদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, যেখানে সত্যিকার অর্থে ট্রমা সেন্টার প্রয়োজন ছিল, সেখানে তা করা হয়নি।

শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা চত্বরে এক যাত্রাবিরতিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, জনগণের কল্যাণ ও প্রকৃত উন্নয়নকে উপেক্ষা করে কেবল লুটপাটতন্ত্র কায়েম করার জন্যই বিগত সরকার এমন সব অকার্যকর প্রকল্প গ্রহণ করেছিল। একই সঙ্গে এই লুটপাটতন্ত্র জারি রেখে স্বৈরাচারী সরকার শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষদে আলোচনা করতে গিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার বাংলাদেশকে একটি অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় পেয়েছে, যা বর্তমানে বৈশ্বিক পর্যায়ে ঋণখেলাপির তালিকায় শীর্ষে অবস্থান করছে। বিগত সময়ে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে একটি গোষ্ঠী সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করেছিল।

এই ভঙ্গুর পরিস্থিতি থেকে উত্তরণের প্রত্যয় ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উৎপাদনমুখী ‘ম্যানুফ্যাকচারিং হাব’-এ পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *