বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক পল থমাস অ্যান্ডারসনের ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে সিনেমাটি মোট ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করে আসরের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্যের অস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এটি তার ক্যারিয়ারের প্রথম সেরা পরিচালকের অস্কার, যা তার দীর্ঘ চলচ্চিত্র জীবনে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সিনেমার অভিনয়শিল্পী তেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি আনন্দ উদযাপনে মেতে ওঠেন। বক্তৃতায় পরিচালক অ্যান্ডারসন চলচ্চিত্র শিল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বছরের অন্যান্য নির্মাতাদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রসিকতার ছলে অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানাতে দেরি হওয়ায় ক্ষমাও চান।
১৩টি মনোনয়ন পাওয়া এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিতে তাকে এক বিপ্লবীর ভূমিকায় দেখা গেছে, যিনি একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেন। এ ছাড়া বর্ষীয়ান অভিনেতা শন পেন এই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন। পাশাপাশি বেনিচিও দেল তোরো, রেজিনা হল ও চেজ ইনফিনিটির অভিনয়ও প্রশংসিত হয়েছে।
এদিকে ১৬টি মনোনয়ন পাওয়া রায়ান কুগলারের ‘সিনার্স’ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেলেও মূল বিভাগে পিছিয়ে পড়ে। অন্যদিকে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ভিজ্যুয়াল ইফেক্টসে সেরা হয়েছে। এছাড়া ‘উইপনস’ সিনেমার জন্য অ্যামি ম্যাডিগান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবং সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। অনুষ্ঠানে টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

