প্রধান খবর

খামেনি হত্যা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’, বিশ্বকে অস্থিতিশীল করছে পশ্চিমারা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং পশ্চিমা আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানিয়ে এভাবে হত্যা করা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা বিশ্বজুড়ে চরম অস্থিতিশীলতা ও একটি বিপজ্জনক নজির সৃষ্টি করছে। পশ্চিমা দেশগুলো গায়ের জোর এবং দ্বৈত নীতি প্রয়োগ করে পুরো বিশ্বের শৃঙ্খলা বিনষ্ট করছে বলেও তিনি অভিযোগ তোলেন।

ভাষণে ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন। তিনি জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কড়া নজরদারিতে থাকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে জাতিসংঘের পরমাণু অখণ্ডতা ও বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

বর্তমান ভূ-রাজনৈতিক সংকট তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য স্মরণ করিয়ে বলেন, একক শক্তির আধিপত্যবাদী একনায়কতন্ত্র এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। তবে বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলো নিজেদের সার্বভৌম উন্নয়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করায় এখন একটি ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে।

এছাড়া, বছরের শুরুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বিচারবহির্ভূত আটক’ করার ঘটনার তীব্র নিন্দা জানান ল্যাভরভ এবং অবিলম্বে তাঁদের মুক্তির দাবি তোলেন। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *