প্রধান খবর

টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ, কার্যসহকারী হাসমত বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ করছে মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া কাজটি চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে।

সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সম্প্রতি ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর আগে গত রোববার রাতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে বাধা দেন। পরে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *