কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে হলের একটি পুরো কক্ষ দখলের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ২১৬ নম্বর কক্ষটি একাই দখল করে অবস্থান করছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হল প্রশাসন বিষয়টি নিশ্চিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অনুসন্ধানে জানা যায়, মোস্তাফিজুর রহমান শুভ ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী এবং তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হয়েছে প্রায় এক দশক আগে। বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুবি শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। প্রায় এক মাস আগে ক্ষমতার দাপট দেখিয়ে ২১৬ নম্বর কক্ষে ওঠেন শুভ, যার ফলে আগে থেকে কক্ষে থাকা সাধারণ তিন শিক্ষার্থী কক্ষ ছেড়ে যেতে বাধ্য হন। প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে তিনি দিনের বেলাতেও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রাখেন এবং জুতা পর্যন্ত ভেতরে ঢুকিয়ে রাখেন।
এ প্রসঙ্গে কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি হলের পাশের এক ফ্ল্যাটে থাকেন এবং কেবল একদিন রাত বেশি হওয়ায় সাময়িকভাবে হলে অবস্থান করেছিলেন। অন্যদিকে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান জানান, প্রশাসনিক কর্মকর্তা ও নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে শুভ অবৈধভাবে হলে অবস্থান করছেন বলে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি প্রক্টর ও উপ-উপাচার্যকে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার জানান, হলের নির্ধারিত নীতিমালা অনুযায়ী সিট বণ্টনের দায়িত্ব প্রভোস্টের এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে হল প্রশাসন স্বাধীনভাবে আইনি পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।

