প্রধান খবর

এআই ‘সব মানুষকে মেরে ফেলতে পারে’, সতর্ক সাবেক ডিপমাইন্ড গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একদিন পুরো মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন গুগল ডিপমাইন্ডের সাবেক গবেষক বিলাল চুঘতাই। তাঁর আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য হাতে থাকা সময় দ্রুত ফুরিয়ে আসতে পারে।

চুঘতাই জুলাই ২০২৬ পর্যন্ত গুগল ডিপমাইন্ডে এজিআই নিরাপত্তা ও অ্যালাইনমেন্ট নিয়ে গবেষণা করেছেন। প্রতিষ্ঠান ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এআইয়ের এমন ক্ষমতা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের ভেতর থেকেও সাম্প্রতিক সময়ে একাধিক সতর্কবার্তা এসেছে। অ্যানথ্রপিকের গবেষকদের কেউ কেউ আগামী এক দশকে এআই মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই উন্নত এআই তৈরির গতি কমানোর আহ্বান জানিয়েছেন।

চুঘতাই অবশ্য এআইয়ের নিরাপদ উন্নয়ন সম্ভব বলে মনে করেন। তাঁর মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং নিয়ন্ত্রিত গতিতে উন্নয়ন জরুরি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণের এমন সতর্কবার্তাকে ‘ভাঁওতা’ বলে মন্তব্য করেছেন। ফলে দ্রুত এআই উন্নয়ন ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *