রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুলশানের ওই ককটেল বিস্ফোরণ ও রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ছবি দেখে নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলির সামনে নিষিদ্ধ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী হঠাৎ জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। নিকেতন এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা পাঁচটি তাজা ককটেল ফেলে সটকে পড়েন।
ঘটনাস্থল থেকে পুলিশ প্রথমে দুজনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় ঘটানোর উদ্দেশ্যে তৈরি যেকোনো ধরনের তৎপরতা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ককটেল উদ্ধার ও অন্যান্য আসামিদের শনাক্তকরণে অভিযান অব্যাহত রয়েছে।

