প্রধান খবর

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব : ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনী ও উগ্র বসতিস্থাপনকারীদের পৃথক হামলা ও অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বার্তায় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের কৌশলগত নাবলুস, কালকিলিয়া ও তুলকারেম গভর্নরেটে এসব তাণ্ডব ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান এবং সশস্ত্র বসতিস্থাপনকারীদের তাণ্ডবে ওই অঞ্চলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত কেবল অধিকৃত পশ্চিম তীরেই ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতিস্থাপনকারীদের গুলিতে নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ১০০ জনে। ফিলিস্তিনিদের শহর, গ্রাম ও শরণার্থীশিবিরগুলোতে প্রতিদিনের মতো চালানো ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান ও তল্লাশির নামে তাণ্ডব অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বসতিস্থাপনকারীদের সহিংস হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তক্ষয়ী সামরিক অভিযান অব্যাহত থাকার মাঝেই পশ্চিম তীরে এই ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ল। এতে করে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে এবং সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *