পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘পাওনিয়ার বেজে’ গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) সার্ভার রুমসহ একাধিক অফিস কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), অভ্যন্তরীণ ইন্টারনেট সার্ভারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, প্রয়োজনীয় নথিপত্র ও বৈদু্যতিক সরঞ্জাম।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের তীব্রতায় পাওনিয়ার বেজ ছাড়াও সংলগ্ন দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের দপ্তরগুলোতে অনলাইন সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি কাস্টমস ভবন ও ক্যান্টিনে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দোয় তীব্র গরমের মধ্যে সেখানে কর্মরত কর্মীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ ৪২ ঘণ্টা পার হয়ে গেলেও মঙ্গলবার রাত পর্যন্ত প্রকল্পের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি। সার্ভার রুম পুড়ে যাওয়ায় ঠিকাদারদের বিলিং সংক্রান্ত নথিপত্রসহ স্পর্শকাতর সরকারি ডাটা বিনষ্ট হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ঘটনা তদন্তে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

