‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। তবে সেই জোরালো বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।
আসন্ন ১ নম্বর শুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সোমবার দিনভর ঝটিকা শোডাউন ও নিবিড় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন খোকন। নেতাকর্মীদের সঙ্গী করে চষে বেড়ান এলাকার প্রতিটি অলিগলি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে তিনি তার প্রচারণার সূচনা করেন। এরপর শালিখা গ্রামের মোড়ে মোড়ে হেঁটে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও কুশল বিনিময় করেন। প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যায় শালিখা বাজারে এক পথসভায় খোকন নেতাকর্মীদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সাথে বলেন, স্থানীয় সংসদ সদস্য তাকেই এই ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই মাঠ থেকে সরানো যাবে না।
দিনব্যাপী জনসংযোগ শেষ করে রাতে নিজ বাসভবনে ফিরলে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন সাইফুল ইসলাম খোকন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রয়াণে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

