প্রধান খবর

‘ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না’ : মেঘনা আলম

ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে প্রায়শই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন সময়ের আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পছন্দ, হিজাব পরিধান এবং গণমাধ্যমের পরিবেশন শৈলী নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে মাথায় কাপড় বা হিজাব পরা সত্ত্বেও গণমাধ্যমে তার পুরোনো ছবি ব্যবহার করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই মডেল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, তিনি বিগত প্রায় দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করছেন। কিন্তু গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশের সময় তার পুরোনো ও খোলামেলা ছবি ব্যবহার করছে। নারীদের ব্যক্তিগত পছন্দ, স্বাচ্ছন্দ্য ও শালীনতার চেয়ে গণমাধ্যমের কাছে ভিউ বা কাটতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আক্ষেপ করে লেখেন, সমাজে এমন পরিস্থিতির কারণে ইচ্ছা থাকলেও সঠিকভাবে পর্দা করা সম্ভব হয় না।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অপর এক বার্তায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন মেঘনা। সেখানে তিনি দাবি করেন, বাহ্যিক পোশাক বা ধর্মীয় লেবাস না থাকার কারণে তাকে অহেতুক নানা ধরনের অপবাদের শিকার হতে হয়েছে। একজন নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি সমাজের দ্বিমুখী মানসিকতার তীব্র সমালোচনা করেন।

পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, সমাজে নৈতিকতার পোশাক পরা কিছু প্রভাবশালী ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড বা অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরও তাদের নির্দোষ প্রমাণের চেষ্টা চলে, অথচ নারীদের পোশাকের ভিত্তিতে প্রতিনিয়ত বিচার করা হয়। বর্তমান এই সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘একেমন দুনিয়া?’ তার এই পোস্ট প্রকাশের পর নেটিজেনদের মধ্যে নতুন করে নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *