১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল-সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আযাদ বিলম্ব মার্জনা ও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন করেছেন।
শুনানি শেষে আইনজীবী জানান, অবকাশকালীন ছুটি শেষে চার সপ্তাহ পর্যন্ত বিষয়টি মুলতবি রাখা হয়েছে। এ সময়ের মধ্যে আযাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে আদালত মৌখিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আযাদকে মৃত্যুদণ্ড দেন। ফরিদপুরের বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন ও অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করে তিনি আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্টের অবকাশ ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

