ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পর্যালোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ এবং ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে অভিহিত করে মার্কিন সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানান।
নিজের অফিশিয়াল একাউন্টে প্রকাশিত বার্তায় গালিবাফ বেসামরিক ও শিশুদের ওপর চালানো পূর্বের বিভিন্ন হামলার উদাহরণ টেনে আনেন। তিনি মিনাব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ওপর হামলা, লামের্দ এলাকার স্পোর্টস হলে তরুণদের হত্যাকাণ্ড এবং কুহেস্তাকের বিয়েবাড়িতে পুরো পরিবারের উপস্থিতিতে নিষ্পাপ শিশুদের হত্যার ঘটনাগুলো বিশেষভাবে উল্লেখ করেন। বেসামরিক এলাকায় এ ধরনের ভয়াবহ হামলাকে তিনি সরাসরি দানবীয় ও অমানবিক আচরণের চরম রূপ বলে আখ্যায়িত করেন।
নিজের বক্তব্য জোরালো করে গালিবাফ লেখেন, “যদি কোনো মহাশক্তি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো সাধারণ মানুষ ও শিশুদের লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করে এবং শয়তানের মতো নির্বিচারে মানবহত্যা চালায়-তবে সে নিশ্চিতভাবেই শয়তান। আর যে শক্তি একই কাজ করা ছোট শয়তানকে (ইসরায়েল) আড়াল করে ও সুরক্ষা দেয়, সে-ই হলো প্রকৃত ‘মহাশয়তান’।”
উল্লেখ্য, কুহেস্তাকের বান্দার এলাকার একটি আবাসিক ভবনে আয়োজিত বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ সরাসরি এসে আঘাত হানলে এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে।

