প্রধান খবর

নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মো. সিরাজুল ইসলাম (৪০) এবং তাঁর স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল ওই দম্পতির বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ৮১৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেট তৈরি করে পাইকারি ও খুচরা পর্যায়ে মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা পুলিশের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *