নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণবাজি রেখে বাঁচালেন সাহসী কনস্টেবল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে (২৪) নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামের এক বীর পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাতে শহরের শিমরাইল কান্দি সেতু সংলগ্ন এলাকায় এ রোমাঞ্চকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে ওই সেতু এলাকায় ঘুরতে যান কনস্টেবল অমিত হাসান। হঠাৎ এক তরুণী সেতু থেকে নিচে তিতাস নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখামাত্রই অমিত হাসান বিন্দুমাত্র দেরি না করে নিজের জীবনের তোয়াক্কা না করে নদীতে লাফিয়ে পড়েন। প্রবল স্রোতের মধ্য দিয়ে সাঁতরে তিনি ভাসমান তরুণীর কাছে পৌঁছান এবং একটি স্থানীয় নৌকার সহায়তায় তাঁকে অক্ষত অবস্থায় তিতাস নদীর পাড়ে তুলে আনেন।

উদ্ধারের পরপরই মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তরুণীর খোঁজখবর নেয়। পুলিশ জানায়, পারিবারিক কলহ ও স্বামীর ওপর অভিমান করেই ওই নারী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান শেষে তরুণী শঙ্কা মুক্ত ও সুস্থ হলে তাঁকে সসম্মানে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এদিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক নারীর প্রাণ বাঁচানোর এমন বীরত্বপূর্ণ কাজের জন্য কনস্টেবল অমিত হাসান সর্বস্তরের মানুষের কাছে প্রশংসায় ভাসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *