প্রধান খবর

৬ মাসে বিএনপি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

ক্ষমতাসীন বিএনপি সরকার তাদের গত ১৮০ দিনে দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৪ আগস্ট) দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান সরকারের গত ৬ মাসের অব্যবস্থাপনা ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সরকারের ব্যর্থতা চিহ্নিত করে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে অন্তত ২৯টি গুরুত্বপূর্ণ খাতে সরকার চরম অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচনে বা সরকার গঠনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটিই বর্তমান সরকার রক্ষা করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে সর্বস্তরে র্যাব বিলুপ্তির দাবি থাকলেও তা না করে নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করা হচ্ছে, যা মূলত বৈশ্বিক নিষেধাজ্ঞা থেকে বাঁচার কৌশল মাত্র। এ ছাড়া, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে না পারাকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতের সংকটের কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাপকভাবে কমেছে। সরকার বিদ্যুতের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার মাত্র তিন মাসের মধ্যে দাম বাড়িয়েছে। দেশে যেকোনো সংকট তৈরি হলে সরকার তা নিজের ঘাড়ে না নিয়ে বিগত সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যা মোটেও কাম্য নয়। সেই সঙ্গে সার্বিকভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতেও সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও সতর্ক করে বলেন, সরকার পরিচালনায় ৬ মাস খুব দীর্ঘ সময় না হলেও, এ পর্যন্ত নিজেদের কোনো অপরিকল্পনা বা ব্যর্থতার জন্য তারা জনগণের কাছে ন্যূনতম দুঃখ প্রকাশ করেনি। বরং তারা পুরোনো ধারার রাজনীতির দিকেই ফিরে যাওয়ার চেষ্টা করছে। সরকার যদি তাদের রাজনৈতিক অবস্থান ও দেশ পরিচালনায় পরিবর্তন না আনে, তবে অচিরেই তাদের ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *