প্রধান খবর

২ বছরের সাজা : গ্রেপ্তার এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার পরোয়ানা বলবৎ করতেই পুলিশ এই অভিযান চালায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জারি করা সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই বিদিশাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে হস্তান্তরে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক স্যানিটারি পণ্য ব্যবসায়ী। ২০০১ সালে ৮০ লাখ টাকায় চুক্তি হওয়ার পর গ্রাহক মোশাররফ ৭৫ লাখ টাকার পে-অর্ডার পরিশোধ করলেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। দীর্ঘ বিলম্বের পর ফ্ল্যাট বা টাকা ফেরত দিতে ব্যর্থ হয়ে ২০০৫ সালে বিদিশা যে চেক প্রদান করেন, সেটিও ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স করে।

পরবর্তী সময়ে পাওনা টাকা বা ফ্ল্যাট দাবি করা হলে বাদীকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়ারও গুরুতর অভিযোগ আনা হয় মামলায়। মামলায় উল্লেখ করা হয়, তৎকালীন সময়ে বিদিশা বাদীকে জানিয়েছিলেন যে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর আদালতের পক্ষ থেকে বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, এরশাদের সঙ্গে বিদিশার বিবাহবিচ্ছেদ হলেও তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *