প্রধান খবর

বিয়ের সাজেই অসুস্থ বাবুর্চিদের চিকিৎসায় এগিয়ে এলেন ডাক্তার কনে, প্রশংসায় নেটিজেনরা

নিজের বিয়ের জমকালো আয়োজনের আনন্দ ও ধুমধামের মাঝেই অনন্য মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের কেরালার এক নববধূ। বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত রেখে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই নারী ক্যাটারিং কর্মীকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা প্রদান করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়াচ্ছেন ভুরি ভুরি প্রশংসা।

জানা যায়, অনন্য এই মানবিকতার পরিচয় দেওয়া নববধূর নাম ড. শিরিন সুবাইর। কেরালা কন্নুরের পান্নুরের এই বাসিন্দা বর্তমানে একটি হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিনে স্নাতকোত্তর করছেন এবং তার স্বামী ড. রিজাজও পেশায় একজন চিকিৎসক। বিয়ের দিন অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্বে থাকা দুই নারী কর্মী হঠাৎ শারীরিক অসুস্থতায় ঢলে পড়েন। তাদের মধ্যে একজনের নাক দিয়ে ক্রমাগত রক্ত পড়ছিল এবং অপরজন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হন।

বিষয়টি নজরে আসতেই বিয়ের সাজ পোশাক পরা অবস্থাতেই দ্রুত তাদের কাছে ছুটে যান ড. শিরিন। তিনি তাত্ক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করেন। রক্ত পড়তে থাকা নারীকে সঠিক ভঙ্গিতে বসিয়ে নাকের নরম অংশ চেপে ধরে মুখ দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দেন। অন্যদিকে, মাথা ঘোরা অন্য নারীকে মেঝেতে শুইয়ে পা দুটি ওপরের দিকে তুলে দিয়ে শারীরিক ভারসাম্য ফিরিয়ে আনেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়লে সর্বস্তরের মানুষ এই নববধূর প্রশংসায় মেতে ওঠেন। তবে ড. শিরিন অত্যন্ত বিনয়ের সাথে জানান, একজন চিকিৎসক হিসেবে জরুরি মুহূর্তে বাড়িয়ে দেওয়া সাহায্যটি তার দায়িত্বেরই অংশ ছিল। সেই সাথে জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা ও সঠিক নিয়মে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার সাধারণ জ্ঞান প্রত্যেকের থাকা উচিত বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *