ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের প্রাণহানির ঘটনার তিন দিন পর অবশেষে অভিযুক্ত হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যে ফ্ল্যাটটি থেকে বীরেশ্বরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তাঁর বাবা বিমল মোহন মিত্রের নামে নিবন্ধিত। গত মঙ্গলবার নিউমার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ও একাধিক মর্মান্তিক প্রাণহানির পর থেকেই পুলিশি গ্রেপ্তার এড়াতে ওই ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন ৪৬ বছর বয়সী বীরেশ্বর।
ভয়াবহ ওই ট্র্যাজেডির পর থেকে বীরেশ্বরের সন্ধানে শহরের একাধিক স্থানে চিরুনি অভিযান চালায় পুলিশ। তবে দুর্ঘটনার পরদিন থেকেই নিজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তিনি অধরা ছিলেন। পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উক্ত হোটেলের ইজারাদার হিসেবে নিবন্ধিত আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। আবু জাফরকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পলাতক মালিক বীরেশ্বরের আত্মগোপনস্থলের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, শুধু ‘শিখা ইন’ নয়, নিউমার্কেট এলাকায় বীরেশ্বরের মালিকানাধীন আরও একটি হোটেল রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নি-নির্বাপণ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে হোটেলটি পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডের পেছনে নিরাপত্তা সংক্রান্ত কী ধরনের গাফিলতি ছিল, তা নিয়ে বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ।

