হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার (১৯ আগস্ট) এ ঘোষণা দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আইসিসির কার্যক্রম সীমিত করার প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক অপরাধের তদন্ত ও বিচার পরিচালনাকারী আদালটির সদস্যরাষ্ট্রের সংখ্যা ১২০টির বেশি।
মার্কো রুবিও অভিযোগ করেন, আকানে ও সেয়ে এমন ব্যক্তিদের বিচারের আইসিসির প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে আদালতের বিচারিক এখতিয়ার নেই বলে যুক্তরাষ্ট্র মনে করে। তিনি আইসিসিকে রাজনৈতিকভাবে প্রভাবিত ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে আদালটির হস্তক্ষেপের বিরোধিতা করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছে আইসিসি। আদালত জানিয়েছে, তারা তাদের কর্মকর্তাদের পাশে রয়েছে এবং এ ধরনের নিষেধাজ্ঞা আইনের শাসনকে দুর্বল করে।
ট্রাম্প প্রশাসন এর আগে আইসিসির আরও কয়েকজন কর্মকর্তা, বিচারক ও প্রধান কৌঁসুলির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সেবা গ্রহণে বিধিনিষেধ রয়েছে।

