রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকায় বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আইসিইউর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বিষাক্ত পদার্থের প্রভাবে তার শ্বাসনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি কিছুটা শঙ্কামুক্ত থাকলেও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সহপাঠীদের ভাষ্য, ওই শিক্ষার্থীর একটি তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সহপাঠীরা আরও জানান, প্রায় এক মাস আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
এদিকে অসুস্থ শিক্ষার্থীকে দেখতে রামেক হাসপাতালে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থী বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছে।

