নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ঝামেলামুক্ত সড়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের প্রধান তিন শহরে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত এই বাস সেবার উদ্বোধন করা হচ্ছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন বিকেলে যাত্রীপ্রাপ্তি সাপেক্ষে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হবে। পরবর্তীতে বুধবার থেকে নির্ধারিত প্রতিটি রুটে নিয়মিত ও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই বাসগুলো চলাচল করবে। মহিলা বাস সার্ভিস চালুর নতুন এই উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
রাজধানী ঢাকার ব্যস্ততম রুটগুলোকে প্রাধান্য দিয়ে এই বাসের চলাচলের পথ নির্ধারণ করা হয়েছে। মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, জোয়ারসাহারা ও গাজীপুর বাস ডিপোর অধীনে পৃথক বহুসংখ্যক রুটে এই বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে। উত্তর বাড্ডা, রামপুরা, খিলগাঁও, ডেমরা, মিরপুর, ফার্মগেট, শাহবাগ এবং আব্দুল্লাহপুর থেকে শুরু করে রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল ও গুলিস্তানকে যুক্ত করে এই রুটগুলো সাজানো হয়েছে।
রাজধানীর বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের এই বিশেষ বাস সেবা সম্প্রসারিত করা হচ্ছে। চট্টগ্রামে কালুরঘাট, বহদ্দারহাট, জিইসি মোড়, লালখান বাজার এবং কালুরঘাট-পতেঙ্গা রুটে বিশেষ বাস চলবে। অন্যদিকে বগুড়ার শেরপুর থেকে মাটিডালি রুটেও চালু হচ্ছে নিয়মিত বাস। সড়ক পরিবহন কর্তৃপক্ষের এমন সময়োপযোগী ও কল্যাণকর পদক্ষেপে কর্মজীবী ও শিক্ষার্থী নারী যাত্রীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

