প্রধান খবর

“আমরা একজোড়া ছিলাম, বাচ্চু চলে যাওয়ায় খুব একা লাগে”: জেমস

আবহমান বাংলা রক সংগীতের দুই উজ্জ্বল নক্ষত্র-নগরবাউল জেমস ও প্রয়াত আইয়ুব বাচ্চু। সংগীতের মঞ্চে দুজন ভিন্ন ধারার প্রতিনিধিত্ব করলেও তাদের মধ্যকার মেলবন্ধন ছিল অটুট। সম্প্রতি ইতালির রাজধানী রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত বন্ধু ও সহকর্মী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গভীর আবেগঘন স্মৃতিচারণ করেছেন জেমস। আগামী ১৬ আগস্ট রোমে একটি জমকালো কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। কাকতালীয়ভাবে এই দিনটিই বাংলা রকের রূপকার আইয়ুব বাচ্চুর শুভ জন্মদিন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই উঠে আসে আইয়ুব বাচ্চুর প্রসঙ্গ। দীর্ঘদিনের পথচলার স্মৃতি ও বন্ধুকে হারানোর বেদনা নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হন জেমস। সংক্ষেপে কিন্তু গভীর হৃদযন্ত্রণা ব্যক্ত করে তিনি বলেন, “দেখেন, আমরা সব সময় একসাথেই কাজ করেছি। তো… মানে জোড়ায় ছিলাম আরকি। উনি চলে যাওয়ার পর থেকে সত্যি খুব একা লাগে। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না।”

সংবাদ সম্মেলনের ভিডিওচিত্রটি পরবর্তীতে নগরবাউল জেমসের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পাতায় প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে দুই কিংবদন্তির নাম হ্যাশট্যাগ হিসেবে যুক্ত হতেই পোস্টটি নেটিজেন ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য ভক্ত মন্তব্য করে দুজনকেই বাংলাদেশের সংগীত জগতের অনন্য রূপকার হিসেবে আখ্যা দেন এবং প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

এছাড়া ইতালিতে বারবার কনসার্ট করতে আসার কারণ জানতে চাইলে জেমস ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ইতালিতেই বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। প্রবাসী বাঙালিদের এই বিপুল উপস্থিতি ও উষ্ণ অভ্যর্থনার কারণে ইতালিতে অবস্থানকালে তার মনেই হয় না যে তিনি বিদেশের মাটিতে আছেন; বরং নিজ দেশের আবহই তিনি সেখানে খুঁজে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *