ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করা হবে। বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ মতামত সংগ্রহ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে ছক পূরণ করে মতামত দিতে হবে। প্রাপ্ত মতামত পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত ফরমে শিক্ষার্থীর নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের তথ্যের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরে সম্মতি আছে কি না এ বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

