বিছানা ভর্তি টাকার বান্ডিল ও পিস্তল: ভারতে ব্ল্যাকমেইলিংয়ের বড় চক্র

পুরুষদের সুন্দর রূপের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ ছবি ধারণ এবং পরবর্তীতে লাগাতার ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক তরুণীর বিরুদ্ধে। অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিংহ রাজপুত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার বিছানায় শুয়ে থাকার ছবি ও আগ্নেয়াস্ত্র হাতে তাঁর ছবি প্রকাশ পাওয়ার পর নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আলাহাবাদ হাইকোর্টের এক প্রভাবশালী আইনজীবী পল্লবীর বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রয়াগরাজসহ বিভিন্ন এলাকায় তরুণীটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, তরুণীটি ছদ্মনামে ডেটিং অ্যাপস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধনী পুরুষদের লক্ষ্যবস্তু বানাতেন। প্রাথমিকভাবে “সুইটি তিওয়ারি” সহ নানা ভুয়া পরিচয়ে বন্ধুত্ব পাতিয়ে চ্যাটিং ও কথোপকথনের মাধ্যমে বিশ্বাস অর্জন করতেন। পরবর্তীতে বিয়ের প্রস্তাব বা ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে গোপনে ছবি ও ভিডিও চিত্র ধারণ করে লাখ লাখ টাকা দাবি করা শুরু হতো।

দাবি করা চাঁদা বা অর্থ দিতে অস্বীকৃতি জানালে ভূয়া ধর্ষণ, হত্যা চেষ্টা বা অন্যান্য গুরুতর আইনি মামলায় জড়িয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হতো। ইতোমধ্যে এই চক্রের ফাঁদে পড়ে অর্থ না দেওয়ায় অন্তত পাঁচজন নিরপরাধ ব্যক্তি ধর্ষণের মিথ্যা মামলায় কারাবাস করেছেন বলেও পুলিশের অনুসন্ধানে সত্যতা মিলেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, একা পল্লবী নন; এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও ব্ল্যাকমেইলিং চক্রের নেপথ্যে একটি সুসংগঠিত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য “হানি ট্র্যাপ” গ্যাং সক্রিয় রয়েছে। পলাতক তরুণী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *