ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, সর্বস্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসে ক্যান্সার গবেষণা ও সেবামূলক কার্যক্রমে আর্থিক সহায়তার লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে উদযাপিত হয়েছে ‘ড্যাফোডিল ডে’ ফান্ডরেইজিং অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদয় ইনক’ (UDOY Inc. – Unity in Diversified Optimistic Youths)-এর বিশেষ ব্যবস্থাপনায় রবিবার (৯ আগস্ট) গ্লেনফিল্ড কমিউনিটি হলে দিনব্যাপী এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ার অন্যতম স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার কাউন্সিলের (Cancer Council) মূল তহবিল সংগ্রহ কার্যক্রমকে সমর্থন জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদের এমপি নাথান হ্যাগারটি, সাবেক অ্যাটর্নি ও মন্ত্রী ফিলিপ ম্যাক্সওয়েল রুড্ডক এবং কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান অ্যাশ ও এলিজা আজাদ রহমানসহ সিডনির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণকারী অতিথিরা ড্যাফোডিল ডে-এর প্রতীকী হলুদ রঙের পোশাক ও নানা অনুষঙ্গ পরিধান করে সংহতি প্রকাশ করেন। পুরো গ্লেনফিল্ড কমিউনিটি হল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী এই আয়োজনে ক্যান্সার বিষয়ক বিভিন্ন তথ্যভিত্তিক আলোচনা ও সচেতনতা তৈরির পাশাপাশি ক্যানসার কাউন্সিলের জন্য স্বেচ্ছায় তহবিল সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে জোর দিয়ে বলেন, ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, বরং সঠিক সচেতনতা, আন্তরিক সহমর্মিতা ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই মরণব্যাধিকে প্রতিরোধ করা সম্ভব।
আয়োজনের শেষ পর্বে উপস্থিত অতিথিদের আপ্যায়ন ও সামাজিক সৌজন্য বিনিময়ের সুযোগ রাখা হয়। আয়োজক সংগঠনের পক্ষে ড. লায়লা আরজুমান জানান, ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে প্রবাসীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের মানবিক উদ্যোগ প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।

