প্রধান খবর

সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে গেল যুবলীগ নেতা

কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিশুদের ডেকে নিয়ে রাজনৈতিক মিছিল করানোর গুরুতর অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থনে শিশুদের দিয়ে স্লোগান দেওয়ানোর এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন স্থানীয় বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সুহেল রানা)।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের নিকটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের ক্লাস শুরু হওয়ার ঠিক আগে সাদ্দাম মুন্সি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে টিফিন কিনে দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় মাজার গেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে তাঁদের দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেওয়ানো হয়। সম্পূর্ণ ঘটনাটির ভিডিও চিত্র গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং সর্বস্তরের সচেতন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, সকালের পাঠদান শুরুর পূর্বেই সাদ্দাম নামে ওই ব্যক্তি খাবার প্রলোভনে শিক্ষার্থীদের বাইরে নিয়ে যান। খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত বিদ্যালয়ের দপ্তরিকে পাঠিয়ে শিশুদের নিরাপদে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এ প্রসঙ্গে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতির নোংরা স্বার্থে কোমলমতি শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা চরম অন্যায়। এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন যে, অভিযুক্ত সাদ্দাম মুন্সির বিরুদ্ধে ইতিপূর্বেও নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের তথ্য রয়েছে এবং শিশুদের নিয়ে এই চক্রান্তমূলক কর্মকাণ্ডে যুক্ত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *