অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দূরপ্রবাসীদের সাংস্কৃতিক বন্ধন ও ঐতিহ্য রক্ষায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পিঠা উৎসব ২০২৬। প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশন (পিবিডব্লিউএ)-এর উদযোগে আগামী ৮ আগস্ট (শনিবার) সিডনির লাকেম্বায় উদযাপিত হবে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী পিঠা-পুলির মেলা। অত্যন্ত গর্বের সাথে সংগঠনটি এবার তাদের ১০ম বর্ষপূর্তি ও দশম পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে।
আয়োজক সূত্র জানায়, সিডনির ‘লাকেম্বা ইউনাইটিং চার্চ’ (৬৯ হ্যালডন স্ট্রিট, লাকেম্বা)-এ দিনব্যাপী এই আনন্দঘন উৎসবটি অনুষ্ঠিত হবে। এতে দর্শনার্থীদের জন্য থাকবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মুখরোচক পিঠা-পুলি, দেশীয় খাবারের বিশাল সমারোহ এবং প্রবাসে এক টুকরো বাংলাদেশ গড়ে তোলার দারুণ এক পরিবেশ।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, প্রবাসের ব্যস্ত যান্ত্রিক জীবনে পরিবার, বন্ধু-বান্ধব ও পুরো কমিউনিটিকে এক সুতোয় গাঁথার মূল লক্ষ্য নিয়েই প্রতিবছর এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এটি কেবল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন নয়; বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ তুলে ধরার একটি বিশেষ ক্ষেত্র।
পিবিডব্লিউএ-এর পক্ষ থেকে সিডনি ও তার আশপাশের এলাকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজনসহ এই আনন্দ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের আশা, সিডনিবাসী বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের দশম পিঠা উৎসব অতীত যেকোনো সময়ের চেয়ে স্মরণীয় ও বর্ণিল হয়ে উঠবে।

