বিদ্যালয়ের ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে শ্রেণিকক্ষ ছেড়ে দীর্ঘ পদযাত্রা করল একদল খুদে শিক্ষার্থী। ভারতের বিহার রাজ্যে সরকারি স্কুলের শিক্ষার্থীরা প্রায় চার কিলোমিটার হেঁটে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই অভিনব ঘটনাকে অনেকে ‘জেন আলফার আন্দোলন’ হিসেবে অভিহিত করছেন।
বিহারের গয়া জেলার টিকারি মহকুমার সিমুয়ারা মিডল স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী পাঠদান চলাকালে বিদ্যালয় থেকে বের হয়ে পড়ে। পরে তারা টিকারি সাব-ডিভিশনাল অফিসে গিয়ে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খুদে শিক্ষার্থীরা এসডিএম কার্যালয়ের সামনে বসে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরছে।
শিক্ষার্থীদের প্রধান অভিযোগ-তাদের বিদ্যালয়ে বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, শৌচাগারগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর, বিদ্যুৎ সংযোগ থাকলেও শ্রেণিকক্ষে প্রয়োজনীয় ফ্যানের ব্যবস্থা নেই, মিড-ডে মিলের খাবারের মান অত্যন্ত নিম্নমানের, যথাসময়ে ইউনিফর্ম সরবরাহ করা হয় না এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ অনুপস্থিত।
বিক্ষোভের খবর পেয়ে টিকারির এসডিএম প্রবীণ কুন্দন ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সহকারী জেলা সরবরাহ কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা ও ব্লক উন্নয়ন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই কমিটিকে দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে বিশদ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীকালে এসডিএম কার্যালয়ে ফিরে কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি চার থেকে পাঁচ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়ে প্রধান শিক্ষককে সতর্ক করেন। একই সঙ্গে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের একদিনের বেতন সাময়িকভাবে স্থগিত রেখে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

