দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যেই অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ আসর শুরু করেছে ইরান। তবে শুরুটা ভালো হয়নি দলটির। সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইরানের মেয়েরা। জয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে সরিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কোরিয়া।
একপেশে ম্যাচে কোরিয়া ইরানের জালে মোট ৩০টি শট নিয়েছে যার মধ্যে গোলমুখে শট নিয়েছে ১০টি। বিপরীতে ইরান দুটি শট নিয়েছে এবং সেই দুটিই গোলমুখে। ম্যাচের মোট ৭৯ শতাংশ বল দখলে রেখেছিল সাউথ কোরিয়া এবং বাকি ২১ শতাংশ ছিল ইরানের দখলে।
সাউথ কোরিয়া প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩৭ মিনিটে, ইরান জালে বল পাঠান চো ইউ রি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাউথ কোরিয়া। বিরতির পর আরও দুবার জালের দেখা পায় কোরিয়া। ৫৯ মিনিটে কিম হাই রি পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন।
৭৫ মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান হাই রি। এরপর কোরিয়া আরও কিছু সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি দলটি। পরে ওই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোরিয়া।

