দীর্ঘদিনের গৃহযুদ্ধে লণ্ডভণ্ড সিরিয়ায় এবার ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে রাজধানী দামেস্কে যাওয়ার মূল মহাসড়কে দুটি বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী।
শনিবার (২৫ জুলাই) দেইর আজ জোর ও দামেস্ক সংযোগকারী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ কৌশলগত মহাসড়কটির আল-সুখনাহ ও পালমিরা শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া বাস দুটির মধ্যে একটিতে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটিতে ছিলেন সাধারণ যাত্রীরা। বিকট শব্দে ঘটে যাওয়া এই সংঘর্ষের পর সড়কটি সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার বার্তা পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ও দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য বেশ কয়েকটি বিশেষ হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থা ও দুর্বল সড়ক নিরাপত্ত ব্যবস্থার জন্য চরম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে চলমান রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সড়ক দুর্ঘটনাটি কেবল বেপরোয়া চালনার ফল নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধে দেশটির জরাজীর্ণ সড়ক কাঠামোর এক করুণ ও ভয়াবহ বাস্তবতার রূপ তুলে ধরেছে। সম্প্রতি দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, অনিয়ন্ত্রিত ট্রাফিক ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে বর্তমানে সিরিয়ায় সড়ক দুর্ঘটনা অন্যতম প্রধান মৃত্যুঝুঁকিতে পরিণত হয়েছে।

