প্রধান খবর

প্রধানমন্ত্রীর কাছে জামায়াত এমপির ড্রাইভার নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের মারাত্মক অভিযোগ উঠেছে। ভিডিও বিতর্ক নিয়ে চলমান আলোচনার মধ্যেই তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান নিজের ও পরিবারের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আবেদন জানিয়েছেন।

গণমাধ্যমের হাতে আসা প্রধানমন্ত্রী বরাবর লেখা আবেদনপত্রের অনুলিপি থেকে জানা গেছে, গত সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত এই আবেদন পাঠান ওবায়দুল। সেখানে তিনি অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাতে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর একটি ফ্ল্যাটে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারাত্মকভাবে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করে। পরবর্তীতে তাঁর মা ও ছোট বোন তাঁকে উদ্ধার করে রাত সাড়ে বারোটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।

আবেদনপত্রে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে অভিযুক্ত করে ওবায়দুল রহমান দাবি করেন, দীর্ঘদিন ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক থাকার সুবাদে তিনি সংসদ সদস্যের জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ, ঘুষ গ্রহণ, মব বাহিনী গঠন এবং নারীঘটিত বিতর্কিত কর্মকাণ্ডসহ সব ধরনের দুর্নীতির চাক্ষুষ সাক্ষী হয়ে উঠেছিলেন। এ কারণেই তাঁকে চিরতরে সরিয়ে দিতে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

বর্তমানে চরম প্রাণনাশের আশঙ্কায় তিনি পরিবারসহ আত্মগোপনে রয়েছেন।লিখিত আবেদনে হামলায় সরাসরি অংশ নেওয়া তিন অভিযুক্তের নাম উল্লেখ করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের হাত থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে দেশের সরকারপ্রধানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই সাবেক চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *