শ্রীলঙ্কার কলম্বোতে স্পিননির্ভর রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচটিতে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে চারবার ম্যাচসেরা হয়ে তিনি স্পর্শ করেছেন অনন্য উচ্চতা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার কীর্তি এতদিন এককভাবে দখলে ছিল অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন (২০১২)। এবার সেই রেকর্ডে সমতা আনলেন জ্যাকস। গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে ইংল্যান্ড সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে, যার চারটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সপ্তম উইকেটে জ্যাকস ও রেহান আহমেদ ১৬ বলে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। জ্যাকস ১৮ বলে ৩২ রান করেন (৪ চার, ১ ছক্কা)। এর আগে বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।
স্পিনের দাপটে ম্যাচটি ছিল ব্যতিক্রমী। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪০ ওভারের মধ্যে ৩১ ওভারই করেছেন স্পিনাররা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। চলতি আসরে ভারত-পাকিস্তান ম্যাচেও সমান ৩১ ওভার স্পিন হয়েছিল।
সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল সামনে থাকায়, এক আসরে সর্বাধিকবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড ভাঙার সুযোগ এখন জ্যাকসের সামনে উন্মুক্ত।

