শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল পরীক্ষার্থীর তীব্র আন্দোলন ও পরীক্ষা স্থগিতের জোরালো দাবির মধ্যেই দেশের ৫৯ জেলায় পূর্বঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বন্যাকবলিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলা ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে শুরু করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা বোর্ডের পরীক্ষা একযোগে শুরু হবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ঘোষিত রুটিন অনুযায়ী, আজ দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এলাকা ব্যতীত) বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত । একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীদের আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল এইচএসসি পরীক্ষার্থী সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। দিনভর রাজপথে বিক্ষোভ শেষে রাতে তারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও, নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই আন্দোলনের জেরে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আজকের পরীক্ষা হওয়া না-হওয়া নিয়ে তীব্র সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
পরীক্ষা স্থগিতের গুঞ্জন ও সার্বিক বিষয়ে জানতে রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বিষয়টি পরিষ্কার করেন। তিনি গণমাধ্যমকে জানান, পরীক্ষা স্থগিত বা পেছানোর কোনো সিদ্ধান্ত বোর্ড গ্রহণ করেনি। নির্ধারিত রুটিন মেনেই দেশব্যাপী সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে, যা পরবর্তীতে সুবিধাজনক সময়ে নেওয়া হবে।

