প্রধান খবর

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল-কান্দাহারে হামলা

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে দুই দেশের মধ্যে। এর মধ্যেই কাবুল ও কান্দাহারসহ একাধিক এলাকায় পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পাকিস্তানি সেনাদের ওপর হামলার পর পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি বড় শহরে ধারাবাহিকভাবে ব্যাপক হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতেই খাজা আসিফের এই বক্তব্য আসে। তিনি লেখেন, ‘পাকিস্তান সরাসরি ও বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণমাত্রার কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে।’

এর আগে প্রাণঘাতী সংঘর্ষের ধারাবাহিকতার পর গত অক্টোবরে দুই পক্ষ একটি নড়বড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই জারি ছিল সবসময়।

এদিকে বার্তাসংস্থা এএফপির একটি দল জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে শহরের বিভিন্ন স্থানে ফাইটার জেট বিমানের শব্দের সঙ্গে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। কাবুলের প্রাণকেন্দ্রে রাত আড়াইটা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে বলেও তারা জানিয়েছে।

আগে জানানো হয়েছিল, আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দাবি করেছিলেন যে শুক্রবার ভোরে কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে ওই পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে এবং এ ধরনের হামলার বিষয়ে তালেবানের পক্ষ থেকে আর কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তিনি আরও জানান, শুক্রবার কাবুল, পাকতিয়া ও কান্দাহারে পাকিস্তানের হামলায় আরও বহু হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় ‘কেউ আহত হয়নি’।

উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানকে সমর্থন দিয়েছিল পাকিস্তান। তবে পরবর্তীতে ইসলামাবাদ অভিযোগ তোলে, তালেবান পাকিস্তান তালেবানকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। পাকিস্তান তালেবান দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, গত এক বছরে পাকিস্তানি বাহিনীর ওপর অন্তত ৬০০টি হামলা চালিয়েছে এ গোষ্ঠী।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ১৬০০ মাইল (২ হাজার ৫৭৪ কিলোমিটার) দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *