ইসলামের আইনে অ্যালকোহল ও জুয়া নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম ফুটবলার এসব সংশ্লিষ্ট বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রাখেন। চলতি বিশ্বকাপেও দেখা গেছে, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় কয়েকজন মুসলিম ফুটবলার পেছনে থাকা বিজ্ঞাপনি বোর্ড থেকে অ্যালকোহল কোম্পানির লোগো মুছে দিয়েছেন। আশ্চর্যের বিষয়, মুসলিম নন এমন ফুটবলারদের মধ্যেও একই নীতিগত অবস্থান দেখা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম কিলিয়ান এমবাপে।
অ্যালকোহল, জুয়া কিংবা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের প্রচারণা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখেন এমবাপে। লোভনীয় আর্থিক প্রস্তাব এলেও তিনি কখনো অ্যালকোহল বা জুয়ার বিজ্ঞাপনে অংশ নেননি। তরুণ প্রজন্মের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। কোমল পানীয়, ফাস্ট ফুড, জুয়া বা অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিবর্তে স্বাস্থ্যকর জীবনধারা ও ইতিবাচক সামাজিক বার্তা দেয় এমন ব্র্যান্ডের সঙ্গেই কাজ করতে পছন্দ করেন এই ফরাসি তারকা।
নিজের ইমেজ রাইটস ও বাণিজ্যিক চুক্তির ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন এমবাপে। কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন আর কোনটি এড়িয়ে চলবেন সে সিদ্ধান্তও তিনি নেন নিজের নীতিগত অবস্থানের ভিত্তিতে। ফলে তার ব্র্যান্ড ইমেজ শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিগত মূল্যবোধেও আলাদা পরিচিতি পেয়েছে।

