প্রধান খবর

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্যাস বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো.সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) ইন্তেকাল করেন।

চিকিৎসকরা জানান, তারা দুজনেই শতভাগ দগ্ধ ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক; তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।

সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন—মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তার স্ত্রী আশুরা আক্তার পাখি, তাদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *