পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে গভীর পাথুরে গিরিখাদে পড়ে গিয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শুক্রবার (৩ জুলাই) ভোরে দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী ‘দানা সার’ নামক একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঝওব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, যাত্রীবাহী বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। পাহাড়ি অঞ্চলের ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তীব্র গতির কারণে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীর একটি পাথুরে গিরিখাতে পড়ে দুমড়েমুচড়ে যায়।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। পথিমধ্যে অন্য একটি বাস নষ্ট হয়ে যাওয়ায়, সেই বাসের যাত্রীদেরও এই গাড়িটিতে তুলে নেওয়া হয়েছিল। অতিরিক্ত যাত্রী এবং তীব্র গতির কারণেই মূলত চালক বাসটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান এবং নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪০ জনে দাঁড়িয়েছে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
এদিকে, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

