প্রধান খবর

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ রেকর্ড: ইতিহাস গড়ে ভাঙলেন নকআউটের অভিশাপ

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ রেকর্ডবিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুর একাদশে জায়গা পাওয়া এই তারকা ৪১ বছর ১৪৭ দিন বয়সে খেলতে নেমে বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়সী ফুটবলার হয়েছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডের ঝুলিতে যোগ হলো বিশ্বকাপের আরেকটি অনন্য রেকর্ড।

রেকর্ড গড়ার দিনেই দীর্ঘদিনের একটি আক্ষেপও ঘুচিয়েছেন রোনালদো। ক্যারিয়ারে এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নিলেও নকআউট পর্বে কখনো গোলের দেখা পাননি তিনি। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে অবশেষে কাটিয়ে উঠেছেন সেই নকআউট অভিশাপ। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মঞ্চে এই গোল তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ২৬তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ২৬ ম্যাচ নিয়ে তিনি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে। তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার বিশ্বকাপ ম্যাচ সংখ্যা ২৯।

রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন রয়েছে, ২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে পারেন পর্তুগিজ অধিনায়ক। তবে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত তার চুক্তি বহাল রয়েছে।

এদিকে, এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে আরেকটি বিরল রেকর্ডও গড়ে উঠেছে। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ৪০ বছর ২৯৬ দিন বয়সে শুরুর একাদশে মাঠে নামেন। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের একটি ম্যাচে দুই দলের শুরুর একাদশে ৪০ বছরের বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একসঙ্গে খেলেছেন। রোনালদো ও মদ্রিচের এই উপস্থিতি বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *