প্রধান খবর

এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী

দেশজুড়ে আজ বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছেন ২ লাখ ৮৬৯ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত থেকে নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *