ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সামরিক দায়িত্ব পালনের পর জেনারেল দ্বিবেদী অবসর গ্রহণ করেন।
ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ড পরিচালনার অভিজ্ঞতা রয়েছে নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের। দীর্ঘ সামরিক জীবনে তাঁর নেতৃত্ব ও দক্ষতা তাকে একজন অভিজ্ঞ ও সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।
বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভরশীল সেনাবাহিনী গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এমন গুরুত্বপূর্ণ সময়েই দায়িত্ব গ্রহণ করলেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।
তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খড়গবাসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

