প্রধান খবর

বৃহস্পতিবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক

দীর্ঘদিনের বিরোধ ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র আগামী বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফা পারমাণবিক আলোচনায় বসছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

ওমান দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতি সাধনের চেষ্টা চালাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতির শর্তে ইরান কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক আলোচনা উৎসাহব্যঞ্জক সংকেত দিচ্ছে এবং যেকোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত রয়েছে।

অন্যদিকে পারমাণবিক আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন বিকল্প রয়েছে; তবে ইরান কেন এখনো তাদের অবস্থানে অনড় রয়েছে, সে বিষয়ে ওয়াশিংটন স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *