ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে ওঠা রেফারিদের রুমে অনুপ্রবেশের অভিযোগ খারিজ করে দিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। ভিডিও বিশ্লেষণ শেষে লিগ জানিয়েছে, মেসি কোনো নীতি লঙ্ঘন করেননি। ফলে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হারের পর ঘটা এই বিতর্কে কোনো শাস্তি পাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেসিকে ম্যাচ অফিসিয়ালদের প্রাঙ্গণে দেখা গেলেও পেশাদার রেফারি সংস্থা নিশ্চিত করেছে, তিনি লকার রুমে প্রবেশ করেননি। এমএলএস জানায়, যে পথ দিয়ে মেসি যাচ্ছিলেন তা নিষিদ্ধ এলাকা ছিল না। কোচ জাভিয়ের মাশ্চেরানোও মেসির অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন। এই রায়ের ফলে কোনো প্রকার ডিসিপ্লিনারি অ্যাকশন ছাড়াই পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন এলএমটেন।
প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের (পিআরও) যোগাযোগ পরিচালক ক্রিস রিভেটও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, মেসি রেফারিদের ড্রেসিংরুমে প্রবেশ করেননি।’
অন্যদিকে ইন্টার মিয়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাচেরানোও জানিয়েছেন, ম্যাচের রেফারিং নিয়ে মেসিকে ক্ষুব্ধ দেখেননি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এমন কিছু দেখিনি। ম্যাচ শেষ হওয়ার পর আমি সরাসরি ড্রেসিংরুমে চলে যাই।’

